সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সদস্যরা জেলার চাঁনপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়াসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে সর্বমোট ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার সঙ্গে ভারতের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১৯টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।