সুনামগঞ্জ প্রতিনিধি: পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসিংহপুর গ্রামে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার রামসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিরোধী পক্ষের ৭ জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রামসিংহপুর গ্রামের মো. নিজাম। ঘটনার সত্যতা যাচাইয়ে বুধবার দুপুরে তদন্তে নেমেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তিগণ হলেন- হুকুমপুর গ্রামের কালাম মিয়া, সিজান নুর, বকুল মিয়া, মামুন মিয়া, নজির হোসেন, আনোয়ার এবং পার্শবর্তী লামাগাঁও গ্রামের জিওন মিয়া। অভিযোগে উল্লেখ- পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার বিকালে পার্শ্ববর্তী হুকুমপুর গ্রামের কালাম মিয়ার নেতৃত্বে অভিযুক্ত ব্যক্তিগন রামসিংহপুর গ্রামের বাসিন্দা মো. নিজাম এর বসতঘরে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বসতঘর ভাংচুর সহ বিবাদীকে এলোপাতাড়ি মারধর করেন। এসম আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে যান তারা। হামলায় আহত মো. নিজামকে পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় স্বজন- প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে ২নং অভিযুক্ত সিজান নুর বলেন, সংঘর্ষের কোন ঘটনা হয়নি। ইজারাকৃত বিলে মাছ ধরতে নিষেধ করায় উল্টো আমাদের মানুষের উপর হামলা করে রামসিংহপুর গ্রামের মো. নিজাম সহ অনেকে। বিষয়টি এলাকাবাসী জানেন।
তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে প্রমানিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।