সুনামগঞ্জ প্রতিনিধির : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদীর বৈধ ইজারাকৃত এলাকা থেকে বালু উত্তোলনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বারকি শ্রমিকসহ বালু উত্তোলন, নৌকায় পরিবহন ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কয়েক শ শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম জীবিকা সংকটে পড়েছেন এসব শ্রমিক ও তাঁদের পরিবার। প্রতিদিনের আয় বন্ধ থাকায় সংসারের খরচ মেটানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ভুক্তভোগী শ্রমিকদের দাবি, সরকারি নিয়ম মেনে ইজারা নেওয়া নির্ধারিত এলাকার মধ্যে থেকেই তাঁরা বালু উত্তোলন ও পরিবহনের কাজ করতে চান। কিন্তু বিজিবির বাধার কারণে তাঁরা কর্মস্থলে যেতে পারছেন না। ফলে নদীকেন্দ্রিক এই কর্মসংস্থানের সঙ্গে যুক্ত কয়েক শ মানুষের জীবিকা এখন কার্যত বন্ধ হওয়ার পথে।
স্থানীয়ভাবে চেলা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। বারকি নৌকায় বালু পরিবহন, নৌকায় বালু বোঝাই ও খালাস, শ্রমিকের কাজসহ বিভিন্ন পেশায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন অনেকে। তাঁদের প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবনযাত্রাও এখন অনিশ্চয়তার মুখে।
শ্রমিকদের ভাষ্য, তাঁরা কোনোভাবেই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কিংবা ইজারার বাইরে বালু উত্তোলন করতে চান না। তাঁদের বক্তব্য, ইজারাকৃত বৈধ এলাকার সীমানা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিলে তাঁরা আইন মেনেই কাজ করতে পারবেন। কিন্তু বৈধ ইজারার আওতাভুক্ত এলাকা থেকেও কাজ করতে না পারায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
এদিকে ইজারাদারের দাবি, সরকার থেকে নিয়ম মেনেই তাঁরা নদীর নির্ধারিত অংশ ইজারা নিয়েছেন। ইজারাকৃত এলাকার সীমানা পৃথক ও নির্ধারিত থাকার পরও কেন শ্রমিকদের বালু উত্তোলন ও পরিবহনে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, ইজারার কাগজপত্র ও সীমানা যাচাই করে বিষয়টির সুষ্ঠু সমাধান করা প্রয়োজন।
ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন, খনিজ সম্পদ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিজিবির মধ্যে দ্রুত সমন্বয় করা হোক। ইজারার কাগজপত্র, অনুমোদিত নকশা ও আন্তর্জাতিক সীমান্তের অবস্থান সরেজমিনে যাচাই করে বৈধ ও নিষিদ্ধ এলাকার সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
শ্রমিকদের মতে, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবি ও প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে সরকারি রাজস্বের বিনিময়ে বৈধ ইজারা নেওয়া হয়ে থাকলে অনুমোদিত এলাকার মধ্যে শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তাঁদের প্রশ্ন, বৈধ ইজারার আওতায় কাজ করার সুযোগ না থাকলে শত শত শ্রমজীবী মানুষের জীবিকার দায় কে নেবে?
এ অবস্থায় চেলা নদীর ইজারাকৃত এলাকার সীমানা নিয়ে সৃষ্ট বিরোধ বা অস্পষ্টতা দ্রুত নিরসন করে আইনসম্মতভাবে কাজের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিক ও ইজারাসংশ্লিষ্ট ব্যক্তিরা।