নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের সেবামূলক কার্যক্রমে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ সিলেট মহানগর পুলিশ (এসএমপি) থেকে পদোন্নতিসূত্রে সুনামগঞ্জ জেলায় যোগদানকৃত কনস্টেবল জাকির হোসেন এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই জাকির হোসেনের কাঁধে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন নবপদোন্নতিপ্রাপ্ত এএসআই জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নতুন দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
পদোন্নতিপ্রাপ্ত এএসআই জাকির হোসেন এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, পুলিশ সদস্যদের পদোন্নতি তাদের কর্মদক্ষতা, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পুলিশ বাহিনীর সদস্যদের আরও উৎসাহিত করে।