নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সদর থানায় এক ভুক্তভোগী নারী ছাগলের ছানা নিয়ে সৃষ্ট বিরোধের অভিযোগ নিয়ে হাজির হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।
জানা যায়, ৩(জুন)রাত ১০টা ৩০মিনিটে ভুক্তভোগী ওই নারীর ছাগলের বাচ্চার মাকে এক ব্যক্তি ছুরি দিয়ে জবাই করে নিয়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে বিরোধ ও হয়রানির শিকার হয়ে তিনি থানায় এসে ওসি রতন শেখের কাছে বিস্তারিত তুলে ধরেন।
অভিযোগ শুনেই ওসি রতন শেখ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠান। পরে ভুক্তভোগী নারীকে সঙ্গে নিয়ে শহরের ময়না পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের পিতা-মাতাসহ কয়েকজনকে আটক করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষের অভিযোগে পুলিশের এমন তাৎক্ষণিক উদ্যোগকে অনেকেই প্রশংসা করেছেন।
স্থানীয়দের ভাষ্য, সাধারণ মানুষের সমস্যা সমাধানে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ পিপিএম আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।