সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে কয়ছর আহমদ
Reporter Name
Update :
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Share
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠকে অংশ নিয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। সোমবার (১২ অক্টোবর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোর আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম, নিরাপত্তা ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য, হুইপ এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং নিরীক্ষা প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, সরকারি অর্থের অপচয় রোধ এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে চট্টগ্রাম বন্দরে পণ্যভর্তি কনটেইনার উধাও হওয়া এবং নিরাপত্তাঝুঁকি নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহন দ্রুত নিষ্পত্তি, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিদ্যমান জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বন্দরের কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার ও স্বচ্ছতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় আসে। মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিং কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট নিরীক্ষা আপত্তি পর্যালোচনা করে প্রকল্পের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম বা আর্থিক ক্ষতির বিষয় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ব্যাংকে রাখা মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত আনা এবং বন্দরগুলোর দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির বিষয়েও আলোচনা হয়। সরকারি অর্থের সুরক্ষা, প্রকল্প বাস্তবায়নে যথাযথ পরিকল্পনা এবং আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় কমিটির এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বৈঠকে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনায় কয়ছর আহমদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ,সম্পাদক মণ্ডলীর সভাপতি সিরাজুল ইসলাম শ্যামল। সম্পাদক: প্রকাশক এম.মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল,নির্বাহী সম্পাদক নুসরাত জাহান (রুনা), আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন:মো:,নাইমুর রহমান, হেড অফিস: হোটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মোবাইল: ০১৭১৭-৭০২২৩৩,০১৭১২-৫৫৬৪৬৫ ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হোটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।