সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্যোগ নেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও শৃঙ্খলাবোধ জোরদার করার পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ গঠনে উদ্বুদ্ধ করা হয়।
সভায় ইভটিজিং, মাদকাসক্তি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার পাশাপাশি ইভটিজিং, মাদকাসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে।