এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ জাতীয় পর্যায়ের ফুটবল (বালক) প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সুনামগঞ্জ জেলার তরুণ ফুটবলাররা জাতীয় অঙ্গনে জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। ব্যক্তিগত ও দলীয় সাফল্যে উজ্জ্বল এই অর্জন ক্রীড়াঙ্গনে সুনামগঞ্জের সম্ভাবনাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মোট ৮টি ম্যাচে ৯টি গোল ও ৫টি অ্যাসিস্ট করে সুনামগঞ্জের কৃতি ফুটবলার নাফিজুজ্জামান জিহাদ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আরমান খান জিসান ম্যান অব দ্য ফাইনাল পদক অর্জন করেন।
প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জের খেলোয়াড় মো. সায়েম আহমেদ। এছাড়া দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া।
সুনামগঞ্জের খেলোয়াড়দের এই কৃতিত্বে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সাফল্য জেলার উদীয়মান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণে আরও উৎসাহিত করবে।
সুনামগঞ্জের এই গৌরবোজ্জ্বল অর্জনে খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন মহল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।