বুধবার (২৯ জুলাই) সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়ার বাসিন্দা ও সচেতন নাগরিক মো. মোছাদ্দেক আলী তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন দাখিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া, উত্তর মল্লিকপুর ও জলিলপুর মৌজার সড়ক ও জনপথ বিভাগের ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি জমিতে বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এসব সংযোগ আইনানুগভাবে দেওয়া হয়েছে কি না এবং সরকারি জমি দখলের সঙ্গে কোনো অনিয়ম বা জালিয়াতি জড়িত রয়েছে কি না, তা জানার স্বার্থে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।
আবেদনে যেসব তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে,ট্রাফিক পয়েন্ট (আলফাজ উদ্দিন স্কয়ার) থেকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে সওজের ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি জমিতে বর্তমানে সচল থাকা সব বিদ্যুৎ সংযোগ বা মিটারের গ্রাহকের নাম, পিতার নাম, ঠিকানা এবং গ্রাহক নম্বর।
সরকারি ওই জমিতে বিদ্যুৎ সংযোগ বা মিটার বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনপত্র, অনুমোদনপত্র, প্রয়োজনীয় ছাড়পত্র এবং সংযোগ প্রদানের সব দাপ্তরিক নথির সত্যায়িত অনুলিপি।
সংশ্লিষ্ট সংযোগ প্রদানের ক্ষেত্রে সওজ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) বা অনুমতির কপি, যদি থেকে থাকে।
বিদ্যুৎ সংযোগ প্রদানের সময় অনুসরণ করা নীতিমালা ও যাচাই-বাছাই সংক্রান্ত তথ্য।
আবেদনকারী মো. মোছাদ্দেক আলী বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ করলে বিষয়টির প্রকৃত চিত্র জনগণের সামনে উঠে আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।