নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে হামলার ঘটনায় জেলা শিবিরের শিক্ষা সম্পাদক খালেদ হাসান গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি ও জামায়াতের একটি যৌথ কর্মসূচি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে খালেদ হাসানের সঙ্গে জামিল হোসেনের কথাকাটাকাটি হয়। এর জেরে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, খালেদ হাসানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষতস্থানে প্রায় ২৬টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনার পর সংগঠনের নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”