নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশসহ সুনামতি রবিদাস (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত উপজেলার শিমুলবাক ইউনিয়নের নুরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের 'খ' সার্কেলের একটি দল গ্রেপ্তারকৃত সুনামতি রবিদাসের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করে।
গ্রেপ্তার সুনামতি রবিদাস নুরপুর গ্রামের আবু রবিদাসের স্ত্রী। তার পিতার নাম মৃত শির গবিন রবিদাস।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় শান্তিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।